ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস সম্প্রতি তার ইসলাম গ্রহণের খবরকে পুরোপুরি গুজব বলে নাকচ করে দিয়েছেন। মরক্কোর ফুটবল এজেন্ট সৌহাইলা আল তাহিরিকে বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেছেন বলে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সৌদি আরবের দৈনিক ওকাজকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্লোস এই বিভ্রান্তি নিরসন করেন। তিনি জানান, ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে এবং স্ত্রীকে নামাজ পড়তে দেখাটা তার কাছে ভালো লাগার একটি বিষয়। তবে তিনি নিজে ইসলাম গ্রহণ করেছেন—এমন দাবি সত্য নয় বলে স্পষ্ট জানিয়েছেন।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের এক নেতার সঙ্গে সাক্ষাতের সময় তিনি কালিমা পাঠ করে ইসলামে দীক্ষিত হয়েছেন। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) একজন আইনপ্রণেতার বক্তব্যের পর এই খবরটি আরও জোরালো হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার বিয়ের কিছু ছবিতে তাকে ইসলামি রীতিতে অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়, যা গুঞ্জনকে আরও উসকে দিয়েছিল।
এ বিষয়ে কার্লোস ব্যাখ্যা করেন, দুই পরিবারের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতিকে সম্মান জানাতেই তাদের বিয়ের অনুষ্ঠান ভিন্ন ভিন্ন রীতিতে আয়োজন করা হয়েছিল। তার পরিবারের সদস্যরা ক্যাথলিক ধর্মাবলম্বী হওয়ায় তাদের জন্য এক ধরনের আয়োজন ছিল, অন্যদিকে তার স্ত্রী ও মুসলিম বন্ধুদের জন্য ইসলামি রীতিতেও অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল। মূলত দুই পক্ষের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তিনি জানান।
সৌহাইলা আল তাহিরি একজন ফিফা লাইসেন্সধারী ফুটবল এজেন্ট। ফুটবল-সংক্রান্ত একটি ব্যবসায়িক বৈঠকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং প্রায় দুই বছর ধরে তারা ব্যক্তিগত ও পেশাগতভাবে একসঙ্গে কাজ করছেন। রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ সময় মাঠ কাঁপানো এবং ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ফুটবল বিশ্বে রবার্তো কার্লোসের বিশেষ পরিচিতি রয়েছে।
Leave a Reply