সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে করা মামলায় ইফতেখার অনিক (৩৩) নামের এক যুবককে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালত এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. নাফিউল ইসলাম এদিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানিকালে আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মামলার নথিপত্র অনুযায়ী, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকার বাসিন্দা ইফতেখার অনিক নিজের ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানিমূলক পোস্ট ও মন্তব্য করে আসছিলেন। গত ২৭ আগস্ট বিষয়টি বাদী আরিফুজ্জামানের নজরে এলে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। এরপর স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে গিয়ে কৈফিয়ত চাইলে ইফতেখার ধর্মীয় বই ছিঁড়ে ফেলে কৌশলে পালিয়ে যান।
এই ঘটনায় গত ২৮ আগস্ট আরিফুজ্জামান বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাইবার নিরাপত্তা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশি তৎপরতায় পরদিন রাতে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে ইফতেখারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার দায় স্বীকার করেছেন বলে তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বাড়ি থেকে একটি ল্যাপটপ ও একটি স্মার্টফোন জব্দ করেছে।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানিয়েছেন, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, এর পেছনে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইন্ধন রয়েছে কি না এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত সাত দিনের আবেদনের বিপরীতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
Leave a Reply