মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার বেইজিংয়ে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, বেইজিং সবসময়ই সর্বাত্মক যুদ্ধবিরতি এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে কাজ করে আসছে।
বৈঠকে শি জিনপিং আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ফিলিস্তিন ইস্যুতে তিনি বলেন, চীন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরুর পক্ষে। তিনি একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের ওপর গুরুত্বারোপ করেন এবং মধ্যপ্রাচ্যে জর্ডানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। বর্তমানে জর্ডান একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবদ্ধ থাকা এবং অন্যদিকে ওয়াশিংটন, ইসরাইল ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে একটি জটিল ভূ-রাজনৈতিক অবস্থানে রয়েছে।
দুই নেতার এই বৈঠকে কূটনীতি, বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া, উভয় পক্ষ এক যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে।
Leave a Reply