পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেস্টিংস থানায় একটি এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলাটি রুজু করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, অনুষ্ঠানের সময় আদালতের বেঁধে দেওয়া নির্দেশিকা এবং বিধিনিষেধ যথাযথভাবে পালন করা হয়নি।
ঘটনার সূত্রপাত শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল যে, অনুষ্ঠানের সময় রাস্তার উত্তরমুখী লেনটি খোলা রাখতে হবে। তবে অভিযোগ উঠেছে যে, বাস্তবে রাস্তার উভয় দিকের লেনই বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়া আদালতের নির্দেশনা অনুযায়ী বিকেল ৩টার মধ্যে সভা শেষ করার কথা থাকলেও, সেই সময় পেরিয়ে যাওয়ার পরও কর্মসূচি অব্যাহত ছিল। এই পরিস্থিতিতে পুলিশের কাজে বাধা প্রদান এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মতো ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।
Leave a Reply