কুয়েতের ভূখণ্ডে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাহরাইন। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই হামলাকে কুয়েতের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে। দেশটি জানিয়েছে, এই ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের মৌলিক নীতির চরম পরিপন্থী। বাহরাইন স্পষ্ট করেছে যে, কুয়েতের নিরাপত্তাকে তারা নিজেদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবেই বিবেচনা করে।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের এই আগ্রাসী পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা প্রশমনের চলমান প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে। উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে বাহরাইন। ইরানকে আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট চুক্তির বাধ্যবাধকতা মানতে বাধ্য করার জন্য নিরাপত্তা পরিষদকে দৃঢ় ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দেশটি।
পাশাপাশি, ইরানকে আঞ্চলিক দেশ ও জনগণের ওপর সব ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে বাহরাইন। একই সঙ্গে হরমুজ প্রণালি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল নির্বিঘ্ন রাখা এবং জলদস্যুতা প্রতিরোধের ওপর জোর দিয়েছে দেশটি। এর আগে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছিল, ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
অন্যদিকে, ইরানের সামরিক বাহিনী দাবি করেছে যে, কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সামরিক স্থাপনা ও যুদ্ধবিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। তেহরানের দাবি অনুযায়ী, এসব হামলায় যোগাযোগ ব্যবস্থা ও হ্যাঙ্গারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সামরিক সদস্যদের আবাসস্থল ও রাডার ব্যবস্থায় হামলার দাবিও করেছে ইরানের সামরিক বাহিনী।
Leave a Reply