ইন্টারনেট সেবাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এই নতুন উদ্যোগের ফলে বর্তমানে দেশের ৪০০টি উপজেলায় তাদের ইন্টারনেট সেবা কার্যক্রম যুক্ত হলো। বর্তমানে দেশের ৬৪টি জেলাতেই নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামোর মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
উপজেলা পর্যায়ে সংযোগ সম্প্রসারণের এই পরিকল্পনার অংশ হিসেবে আগামী বছরের জুন মাসের মধ্যে দেশের মোট ৫০০টি উপজেলায় ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আম্বার আইটি। চলমান সম্প্রসারণ কার্যক্রমের আওতায় চলতি মাসেই মিরসরাই, নড়িয়া, মিরপুর, মির্জাপুর ও ভুল্লী উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর প্রস্তুতি চলছে। পর্যায়ক্রমে নতুন নতুন এলাকায় অবকাঠামো স্থাপনের পাশাপাশি নেটওয়ার্ক সক্ষমতা ও গ্রাহক সেবার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, দেশের প্রতিটি অঞ্চলে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, এই লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে ৪০০টি উপজেলায় নেটওয়ার্ক বিস্তৃত করা সম্ভব হয়েছে। শহর বা গ্রাম নির্বিশেষে দেশের সকল প্রান্তের মানুষ যেন সমানভাবে আধুনিক ও মানসম্মত ইন্টারনেট সেবার সুবিধা পায়, তা নিশ্চিত করতেই এই কার্যক্রম চালানো হচ্ছে।
Leave a Reply