গাজায় শান্তি পরিকল্পনা কার্যকর করার ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রধান বাধা হিসেবে অভিহিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি। তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতি ও চুক্তির আওতায় দেওয়া পূর্বপ্রতিশ্রুতি রক্ষা করছে না তেলআবিব। এর পরিবর্তে নেতানিয়াহু তাঁর উগ্র ডানপন্থী সরকারের রাজনৈতিক সুযোগ-সুবিধাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।
কাতারের সরকারপ্রধানের ভাষ্যমতে, চুক্তির শর্ত ভঙ্গের একাধিক ঘটনা ইতোমধ্যে সামনে এসেছে এবং এই মুহূর্তে শান্তি আলোচনার অগ্রযাত্রায় স্বয়ং নেতানিয়াহুই অন্যতম অন্তরায় হয়ে উঠেছেন। তিনি এর আগেও জানিয়েছিলেন যে ইসরায়েল নিজের অঙ্গীকার মানছে না। সেই সঙ্গে অবরুদ্ধ উপত্যকাটিতে প্রাণহানি অব্যাহত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানোর পথেও নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।
এ ধরনের জটিলতার মধ্যেও সংশ্লিষ্ট পক্ষগুলো যাতে চুক্তির বিধিবিধান যথাযথভাবে মেনে চলে, সেজন্য মধ্যস্থতাকারীরা শান্তি প্রচেষ্টা সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে নিশ্চিত করেন তিনি। চলমান সংকট সমাধানে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাতারের প্রধানমন্ত্রীর এ মন্তব্য গাজা শান্তি প্রক্রিয়ায় ইসরায়েলের সদিচ্ছা ও ভূমিকা নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলেছে।
Leave a Reply