1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 4:33 am

ডিসেম্বরেই বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পরিকল্পনা: মন্ত্রী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, November 6, 2026
  • 13 দেখা হয়েছে

আগামী ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিজয়ের মাসকে সামনে রেখে ডিসেম্বরে প্রথম দুই থেকে তিনটি ফ্লাইট পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে এফডব্লিউসিএমএসে তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন মন্ত্রী।

নতুন এই ব্যবস্থায় বিদেশগামী কর্মীদের ওপর আর্থিক কোনো চাপ থাকবে না বলে নিশ্চিত করেছেন আরিফুল হক চৌধুরী। তিনি জানান, কর্মী পাঠানোর যাবতীয় ব্যয়ভার বহন করবেন বিদেশি নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান। এ প্রক্রিয়া আরও সহজতর করার লক্ষ্যে রিক্রুটিং এজেন্সিগুলোর সার্ভিস চার্জের ক্ষেত্রেও প্রয়োজনীয় সংস্কার আনা হয়েছে।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়টি অল্প কয়েকটি এজেন্সির হাতে সীমাবদ্ধ রাখতে চায় না সরকার। মন্ত্রী জানান, সব বৈধ এজেন্সিকে এই সুযোগ দেওয়ার লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগকর্তার চাহিদাপত্র অনলাইনে জমা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের মানবসম্পদ মন্ত্রণালয়ের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া কর্মীদের চাকরির নিশ্চয়তা প্রদান করে রিক্রুটিং এজেন্সিগুলোকে মন্ত্রণালয়ে অঙ্গীকারনামাও দিতে হবে।

প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে পৃথক সেল গঠনের পরিকল্পনা রয়েছে বলেও মন্ত্রী সভায় জানান। এর মাধ্যমে কর্মীরা প্রয়োজনীয় সহায়তা পাবেন এবং যেকোনো ধরনের হয়রানি থেকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

মেডিকেল পরীক্ষার খরচ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মালয়েশিয়াগামী কর্মীদের জন্য ফি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর চেয়ে বেশি টাকা আদায়ের কোনো সুযোগ নেই। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিক্রুটিং এজেন্সির মালিকদের এই ব্যবসাকে মর্যাদাপূর্ণ অবস্থানে নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ব্যক্তিগত মুনাফার পাশাপাশি রেমিট্যান্স বৃদ্ধি ও কর্মসংস্থানকে গুরুত্ব দিতে হবে। বিদেশে পাঠানোর আগে কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন সম্পর্কে সচেতন করার নির্দেশনাও দিয়েছেন তিনি। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকে বিরত থাকার সতর্কবার্তা দিয়েছেন মন্ত্রী, কারণ এতে দেশের ভিসা ও কর্মসংস্থানের সুযোগ ক্ষতিগ্রস্ত হতে পারে।

সভায় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira