দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর আজ সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পূর্ব মুহূর্তে শুক্রবার দুপুরে তিনি শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর ১টা ৪৬ মিনিটে তিনি সেখানে পৌঁছান এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এরপর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে সুরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এর আগে তিনি বেইলি রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকালে মির্জা ফখরুল বহুবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ কবর জিয়ারতের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত প্রেসিডেন্টের সহকারী একান্ত সচিব ইউনুস আলী। কবর প্রাঙ্গণের নিরাপত্তা বেষ্টনির বাইরে অবস্থানরত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এসময় তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করবেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পাঠ করাবেন। এই শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
Leave a Reply