তুরস্ককে ঘিরে যেকোনো ধরনের শত্রুতামূলক তৎপরতা বা অবরুদ্ধকরণের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সোমবার (৭ সেপ্টেম্বর) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি স্পষ্ট করেন যে, আঞ্চলিকভাবে তুরস্ককে কোণঠাসা করার যে কোনো প্রচেষ্টা আঙ্কারা নীরবে পর্যবেক্ষণ করবে না। তবে তিনি এও উল্লেখ করেন যে, কোনো নির্দিষ্ট দেশ, সমাজ, ধর্ম বা সংস্কৃতির প্রতি তুরস্কের কোনো শত্রুতা নেই।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য ইসরাইলকেই দায়ী করেছেন এরদোগান। তার মতে, ইসরাইলের উসকানিমূলক কর্মকাণ্ড ও মিথ্যাচারের প্রভাব কেবল ইরান বা উপসাগরীয় দেশগুলোতেই সীমাবদ্ধ নয়, বরং পুরো অঞ্চল এর নেতিবাচক ফল ভোগ করছে। এমনকি ইসরাইলের নাশকতার কারণেই ইসলামাবাদ সমঝোতা কার্যকর করা সম্ভব হয়নি বলে তিনি অভিযোগ করেন।
বৈঠকে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে এরদোগান সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে উত্তর সাইপ্রাসের উপকূলে সম্প্রতি ঘটে যাওয়া জাহাজডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধারে তুরস্কের তৎপরতার কথাও তুলে ধরেন তিনি। এই উদ্ধার অভিযানে বর্তমানে তুরস্কের ৯টি জাহাজ ও ১১টি বিমান নিয়োজিত রয়েছে।
আঞ্চলিক উত্তেজনার মাঝেও দেশের অর্থনীতিকে প্রবৃদ্ধির ধারায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি জানান, তুরস্কের অর্থনীতিকে আরও শক্তিশালী, প্রতিযোগিতামূলক এবং স্থিতিশীল করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
Leave a Reply