1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:50 am

নতুন ফরেনসিক প্রযুক্তিতে শনাক্ত ৯/১১ হামলায় নিহত আরও এক ভুক্তভোগী

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, August 25, 2026
  • 63 দেখা হয়েছে

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের পরিচয় নিশ্চিত করার দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় নতুন মাইলফলক অর্জিত হয়েছে। নিউইয়র্ক সিটির প্রধান মেডিকেল পরীক্ষকের দপ্তর (ওসিএমই) জানিয়েছে, অত্যাধুনিক ফরেনসিক ইনভেস্টিগেটিভ জেনেটিক জিনিয়োলজি (এফআইজিজি) প্রযুক্তি ব্যবহার করে হামলায় নিহত এক নারীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ৯/১১ হামলার কোনো ভুক্তভোগীকে শনাক্ত করতে এই উন্নত প্রযুক্তি ব্যবহারের ঘটনা এটিই প্রথম।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান কোয়ামে মামদানি এবং ওসিএমই কর্তৃপক্ষ মঙ্গলবার এই সাফল্যের কথা নিশ্চিত করেছে। সর্বশেষ এই শনাক্তকরণের ফলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নিহত মোট ২ হাজার ৭৫৩ জনের মধ্যে ১ হাজার ৬৫৪ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হলো। তবে হামলার প্রায় ২৫ বছর পেরিয়ে গেলেও এখনো ১ হাজার ৯৯ জনের পরিচয় পাওয়া যায়নি। অর্থাৎ, মোট নিহতের প্রায় ৪০ শতাংশ এখনো অজ্ঞাত রয়েছেন।

৯/১১ হামলার ২৫তম বার্ষিকী সামনে রেখে মেয়র মামদানি বলেন, ভয়াবহ সেই হামলায় প্রাণ হারানো প্রায় তিন হাজার মানুষকে নিউইয়র্ক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। দীর্ঘ ২৫ বছর ধরে প্রিয়জনের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় থাকা পরিবারগুলোর প্রতি নগর প্রশাসনের দায়বদ্ধতা অটুট রয়েছে। তিনি আরও বলেন, নতুন প্রযুক্তির মাধ্যমে এই শনাক্তকরণ প্রমাণ করেছে যে অত্যাধুনিক বিজ্ঞান ও দৃঢ় অঙ্গীকার একসঙ্গে কাজ করলে দীর্ঘদিনের অমীমাংসিত প্রশ্নেরও উত্তর পাওয়া সম্ভব।

ওসিএমইর প্রধান মেডিকেল পরীক্ষক ড. গ্রাহাম জানান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নিহত প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে তাদের পরিবারের কাছে পরিচয় ফিরিয়ে দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছিল, এত বছর পরও তা বহাল রয়েছে। এই প্রক্রিয়ায় এফআইজিজি প্রযুক্তি, পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা এবং ২০০১ সাল থেকে সংরক্ষিত দেহাবশেষের পুনঃপরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২৫ সালের আগস্টের পর এটিই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নিহত কোনো ব্যক্তির সর্বশেষ নতুন শনাক্তকরণ।

প্রায় এক-চতুর্থাংশ শতাব্দী পেরিয়ে গেলেও ৯/১১ হামলায় নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার কাজ থেমে থাকেনি। নিউইয়র্ক সিটি প্রশাসন জানিয়েছে, যেসব পরিবার এখনো প্রিয়জনের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে, তাদের উত্তর দিতে বর্তমান ও ভবিষ্যতের কার্যকর সব বৈজ্ঞানিক প্রযুক্তি কাজে লাগিয়ে অনুসন্ধান অব্যাহত রাখা হবে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত। সর্বশেষ এই শনাক্তকরণ শুধু একটি বৈজ্ঞানিক সাফল্য নয়, বরং ২৫ বছর ধরে উত্তরের অপেক্ষায় থাকা বহু পরিবারের জন্য এটি নতুন আশার বার্তাও বটে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira