ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে অতিক্রমের সময় মাইনের আঘাতে তিনটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাদের দাবি অনুযায়ী, জাহাজগুলো নিষিদ্ধ বা ‘অননুমোদিত’ দক্ষিণাঞ্চলীয় নৌপথ ব্যবহার করছিল। অগ্নিকাণ্ডের পর জাহাজগুলো হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
তাসনিম নিউজের তথ্যানুসারে, আইআরজিসি নৌবাহিনী দাবি করেছে যে ট্যাংকারগুলো তাদের রাডার ও নেভিগেশন ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে বন্ধ রেখেছিল। বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও জাহাজগুলো অননুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই ঘটনার জেরে ওই এলাকায় বড় ধরনের পরিবেশদূষণের আশঙ্কা তৈরি হয়েছে। নৌবাহিনীর ভাষ্যমতে, এই অননুমোদিত পথে জাহাজ পরিচালনার দায়ভার সংশ্লিষ্ট মালিক ও নাবিকদের ওপরই বর্তায়।
এ বিষয়ে আইআরজিসি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দেওয়া তথ্যকে ‘সাইবার জগতের অলীক ধারণা’ হিসেবে অভিহিত করে তা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সংস্থাটি কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে মোকাবিলা করা হবে।
Leave a Reply