1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 4:20 am

মেডিকেইড সুবিধাভোগীদের কর্মশর্তে ছাড়ের নিয়ম আটকালেন মার্কিন আদালত

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, October 30, 2026
  • 40 দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেইডের আওতায় নতুন এক নিয়ম কার্যকর করার পথে বাধা সৃষ্টি করেছেন দেশটির একটি আদালত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া ওই নিয়মে দীর্ঘমেয়াদি অসুস্থ ব্যক্তি বা শারীরিক প্রতিবন্ধীদের কর্মসংক্রান্ত শর্ত থেকে ছাড় পেতে নিজেকে ‘চিকিৎসাগতভাবে দুর্বল’ বলে প্রমাণ করার বাধ্যবাধকতা ছিল। বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতের বিচারক রিচার্ড স্টিয়ার্নস এ নিয়ম কার্যকর আটকে দিয়ে স্থগিতাদেশ প্রদান করেছেন।

ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের এই বিচারক ২৫টি অঙ্গরাজ্য এবং রাজধানী ওয়াশিংটন ডিসির পক্ষে এ রায় দিয়েছেন। গত জুন মাসে এসব অঙ্গরাজ্য ও রাজধানী ট্রাম্প প্রশাসনের এই নতুন নিয়মের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিল। তাদের অভিযোগ ছিল, নতুন নিয়মের মাধ্যমে গুরুতর শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য কর্মসংক্রান্ত শর্ত থেকে ছাড় পাওয়ার সুযোগটি বেআইনিভাবে সীমিত করা হয়েছে।

১৬ পৃষ্ঠার রায়ে বিচারক স্টিয়ার্নস মন্তব্য করেন, মামলাকারী পক্ষগুলো এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে, বর্তমান নিয়মটি কার্যকর হলে তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে, যা কেবল আর্থিক ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন, সুবিধাভোগীদের যোগ্যতা যাচাইয়ের বিদ্যমান ব্যবস্থায় পরিবর্তন আনলে তা অঙ্গরাজ্যগুলোর জন্য বড় ধরনের চাপের সৃষ্টি করবে। মামলাকারী অঙ্গরাজ্যগুলোর যুক্তি ছিল, এই নিয়মের ফলে অনেক নাগরিক তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে পারেন, যা আইনের মূল চেতনার পরিপন্থি।

নতুন নিয়মে মূলত দৃষ্টিপ্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মাদকাসক্তিজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তি এবং দৈনন্দিন জীবনে বড় ধরনের বাধা সৃষ্টি করে এমন জটিল মানসিক রোগের শিকার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার কথা ছিল। তবে ট্রাম্প প্রশাসনের শর্ত অনুযায়ী, এই ব্যক্তিদের প্রমাণ করতে হতো যে তাদের সমস্যাগুলো কর্মসংক্রান্ত আইনি শর্ত পূরণের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করছে। মেডিকেয়ার ও মেডিকেইড পরিষেবা কেন্দ্র (সিএমএস) এই নতুন নিয়মটি তৈরি করেছিল, তবে এ বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি।

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে মেডিকেইডের সম্প্রসারিত সুবিধাভোগী ১৯ থেকে ৬৪ বছর বয়সিদের জন্য নতুন কর্মশর্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায় তাদের প্রতি মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ করতে হবে অথবা সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হবে। পড়াশোনায় নিয়োজিত থাকাও এর বিকল্প হিসেবে ধরা হতে পারে। যদিও আসক্তির চিকিৎসা কর্মসূচিতে থাকা ব্যক্তিদের জন্য শর্তে কিছুটা ছাড়ের সুযোগ ছিল।

বিচারক স্টিয়ার্নসের এই আদেশের ফলে নির্দিষ্ট চিকিৎসাগত সমস্যায় থাকা ব্যক্তিদের জন্য কর্মসংক্রান্ত শর্ত থেকে মুক্তি পাওয়া সহজ হবে। তবে বিচারক কর্মসংক্রান্ত মূল শর্তগুলোকে বেআইনি ঘোষণা করেননি, ফলে সেগুলো আপাতত বহাল থাকছে। বিল ক্লিনটন কর্তৃক নিয়োগপ্রাপ্ত বিচারক স্টিয়ার্নস তার রায়ে অঙ্গরাজ্যগুলোর আপত্তি সত্ত্বেও চিকিৎসাগতভাবে দুর্বল ব্যক্তিদের যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আনা অন্যান্য কিছু বিধিনিষেধ বহাল রেখেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira