কাতারের কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে (কিউসিবিএসডি) তিন বছর মেয়াদে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ২৪ সদস্য দেশটির উদ্দেশে যাত্রা করেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে তারা ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে যাবেন প্রবাসী কর্মী। প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা।
আইএসপিআর জানায়, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিউসিবিএসডির আওতায় এই নৌ সদস্যরা উপকূলীয় ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ, সামুদ্রিক টহল, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। ২০১২ সাল থেকেই বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে কাতারে দায়িত্ব পালনের জন্য নিজেদের সদস্য পাঠিয়ে আসছে।
যাত্রার আগে নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক কাতারগামী সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি তাদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। এর আগে কর্মনিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে নৌবাহিনীর সদস্যরা কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাপক আস্থা অর্জন করেছেন।
নতুন এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও কাতারের মধ্যকার প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এই কার্যক্রমের ফলে দুই দেশের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি হবে। দায়িত্ব পালনকালে সদস্যরা যেমন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারত্বের স্বাক্ষর রাখবেন, তেমনি তাদের এই অংশগ্রহণ দেশের জাতীয় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। নতুন করে নিয়োগ পাওয়া ২৪ সদস্যের দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে।
Leave a Reply