বিদেশে উচ্চশিক্ষা, চাকরি কিংবা অভিবাসনের জন্য আইইএলটিএস (IELTS) পরীক্ষা এখন অনেকের কাছেই অপরিহার্য। প্রস্তুতির জন্য কেউ কোচিং সেন্টার, কেউ অনলাইন ভিডিও টিউটোরিয়াল, আবার কেউ বই ও মক টেস্টের ওপর নির্ভর করেন। তবে দীর্ঘ সময় প্রস্তুতি নেওয়ার পরও অনেকে আশানুরূপ স্কোর পান না। এর পেছনে সবসময় ইংরেজির দুর্বলতা দায়ী নয়; বরং পরীক্ষার ধরন না বোঝা এবং অনুশীলনের কিছু ভুল অভ্যাসও বড় ভূমিকা রাখে।
প্রস্তুতির শুরুতেই অনেকে গ্রামারের খুঁটিনাটি ও কঠিন সব শব্দ মুখস্থ করার পেছনে অতিরিক্ত সময় ব্যয় করেন। ইংরেজির ভিত্তি মজবুত করতে এগুলো জরুরি হলেও শুধু এর ওপর নির্ভর করে পরীক্ষায় ভালো করা সম্ভব নয়। আইইএলটিএস লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং—এই চারটি দক্ষতার সমন্বয় যাচাই করে। তাই অনেক শব্দ জানা থাকলেও সময়ের সঠিক ব্যবস্থাপনা না জানলে রিডিং শেষ করা বা স্পিকিংয়ে সাবলীল থাকা কঠিন হয়ে পড়ে।
রাইটিং ও স্পিকিংয়ের ক্ষেত্রে অনেকেই অপ্রয়োজনে কঠিন শব্দ ব্যবহারের চেষ্টা করেন, যা অনেক সময় হিতে বিপরীত হয়। যে শব্দের সঠিক প্রয়োগ সম্পর্কে আপনি নিশ্চিত নন, তা ব্যবহার না করে পরিচিত ও সহজ শব্দ দিয়ে নিজের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরাই বুদ্ধিমানের কাজ। একইভাবে, স্পিকিং পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নের উত্তর আগে থেকে মুখস্থ করে রাখা বড় ভুল। পরীক্ষার সময় প্রশ্ন কিছুটা ঘুরিয়ে দিলে মুখস্থ উত্তর দেওয়ার ক্ষেত্রে তালগোল পাকিয়ে যেতে পারে এবং তা স্বাভাবিক কথোপকথনের মতো শোনায় না।
উচ্চারণের ক্ষেত্রেও অনেকে ভুল ধারণা পোষণ করেন। ব্রিটিশ বা আমেরিকান উচ্চারণ নকল করতে গিয়ে অনেকেই নিজের স্বাভাবিক কথা বলার গতি হারিয়ে ফেলেন। মনে রাখা জরুরি, আইইএলটিএস পরীক্ষায় উচ্চারণ নকল করা নয়, বরং কথা পরিষ্কারভাবে বুঝিয়ে বলাটাই মূল লক্ষ্য। কোনো শব্দের ভুল উচ্চারণ থাকলে তা সংশোধনের চর্চা করুন, কিন্তু পুরো কথার ধরন পরিবর্তনের প্রয়োজন নেই।
রাইটিংয়ের ক্ষেত্রে ইন্টারনেটে পাওয়া বিভিন্ন টেমপ্লেট বা মুখস্থ কাঠামোর ওপর অতি-নির্ভরশীলতাও স্কোরে নেতিবাচক প্রভাব ফেলে। প্রতিটি প্রশ্নের ধরন অনুযায়ী নিজের যুক্তি ও উদাহরণ সাজানো জরুরি। শুধু সুন্দর কিছু বাক্য বা টেমপ্লেট ব্যবহার করলে ভালো স্কোর পাওয়া যায় না। একইভাবে, লিসেনিংয়ের সময় কোনো একটি উত্তর মিস হয়ে গেলে তা নিয়ে পড়ে না থেকে দ্রুত পরবর্তী প্রশ্নে মনোযোগ দেওয়া উচিত। একটি উত্তর নিয়ে আটকে থাকলে পরের প্রশ্নগুলোও ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
মক টেস্ট দেওয়া ভালো, তবে শুধু পরীক্ষা দিলেই হবে না; ভুলগুলো কেন হচ্ছে তা বিশ্লেষণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিডিং বা রাইটিংয়ে বারবার একই ধরনের ভুল হলে বুঝতে হবে আপনার কৌশলে ঘাটতি আছে। শব্দের অর্থ বুঝতে সমস্যা, প্রশ্ন ভুল বোঝা নাকি সময়ের চাপ—ভুলের কারণ চিহ্নিত করে সেই অনুযায়ী আলাদা মনোযোগ দেওয়া প্রয়োজন।
প্রস্তুতির সময়সীমা নিয়ে অন্যের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নিজের পরিকল্পনা করা উচিত নয়। কেউ এক মাস পড়ে ব্যান্ড ৮ পেয়েছেন, আবার কারও ছয় মাস লেগেছে। প্রত্যেকের ইংরেজির ভিত্তি ও শেখার গতি ভিন্ন। তাই প্রস্তুতির শুরুতে একটি মক টেস্ট দিয়ে নিজের অবস্থান যাচাই করে নিন এবং সেই অনুযায়ী সময় ভাগ করুন।
সবচেয়ে বড় ভুল হলো সব অংশে সমান সমস্যা আছে ধরে নিয়ে একইভাবে প্রস্তুতি নেওয়া। কারও রিডিং ভালো হলেও রাইটিং দুর্বল হতে পারে। তাই পরীক্ষার তারিখ সামনে রেখে শুধু কত ঘণ্টা পড়ছেন তার হিসাব না করে, নিজের দুর্বল দিকগুলোতে বাড়তি সময় দিন। নিয়মিত অনুশীলন করুন এবং ভুলগুলো লিখে রাখার অভ্যাস গড়ে তুলুন।
পরিশেষে, আইইএলটিএস পরীক্ষায় ভালো করার কোনো গোপন কৌশল নেই। পরীক্ষার কাঠামো সম্পর্কে স্বচ্ছ ধারণা, নিজের দুর্বলতা চিহ্নিত করা এবং সেই অনুযায়ী নিয়মিত চর্চাই প্রস্তুতির মূল ভিত্তি। পরীক্ষার দিন তাড়াহুড়া না করে ঠান্ডা মাথায় প্রশ্ন বুঝে উত্তর দেওয়াই সাফল্যের চাবিকাঠি।
Leave a Reply