রাজধানীর ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) জানিয়েছে, ঢাকাবাসীর মাথাপিছু বার্ষিক আয় ৫,১৬৩ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ টাকারও বেশি। শনিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটি এই তথ্য প্রকাশ করে। ডিসিসিআইয়ের তথ্য অনুযায়ী, দেশের মোট জিডিপিতে ঢাকা জেলার অবদান সবচেয়ে বেশি ৪৬ শতাংশ। এর মধ্যে উৎপাদন খাতে ঢাকার অবদান ৫৫.৫৮ শতাংশ এবং সেবা খাতে ৪৪.২ শতাংশ। অর্থনৈতিক খাতের সঠিক চিত্র তুলে ধরার লক্ষ্যে ডিসিসিআই ‘ইকোনমিক পজিশন ইনডেক্স’ (ইপিআই) নামে একটি সূচক প্রণয়ন করেছে।
অনুষ্ঠানে ডিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ বলেন, দেশের উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রকৃত অবস্থা নিরূপণ এবং অর্থনৈতিক প্রবণতা দ্রুত শনাক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় ব্যবসায়ীরা অনানুষ্ঠানিক খাতের গুরুত্ব এবং স্থিতিশীল জ্বালানি সরবরাহের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সাবেক সভাপতি আবুল কাসেম মন্তব্য করেন, আমরা জানি কোথায় পরিবর্তন দরকার। অনেক সুপারিশ দেওয়া হলেও এগুলো বাস্তবায়ন হলে আন্তর্জাতিক ইনডেক্সে আমরা আরও এগিয়ে যেতাম। আইএফসির বিশেষজ্ঞ মিয়া রহমত আলী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকলে জিডিপি মাত্র বিদ্যুতের কারণে ২–৩ শতাংশ বাড়তে পারে। ডিসিসিআই জানিয়েছে, গার্মেন্টস, ব্যাংক, আবাসনসহ মোট আটটি খাত নিয়ে তৈরি করা হয়েছে ইপিআই, যা প্রতি তিন মাস পরপর প্রকাশ করা হবে।
Leave a Reply