ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন থেকে বিদায় নিয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। বিদায়লগ্নে বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এর আগে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে, যেখানে তিনি সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন করেন।
বিদায় অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদায় নেওয়ার পূর্বে হাফিজ উদ্দিন আহমদ দেশের শান্তি, সমৃদ্ধি ও সরকারের সাফল্য কামনা করে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রটোকল অনুযায়ী গাড়িবহর নিয়ে তিনি বঙ্গভবন এলাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন।
এদিকে, দীর্ঘ ৩৫ বছর পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অলি আহমেদের নাম চূড়ান্ত হয়েছে।
Leave a Reply