সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আয়োজিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা’য় বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের মোট ৩৩৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেছেন। এই বিভাগে প্রতিযোগীদের ১৫ পারা পবিত্র কোরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের ওপর দক্ষতা যাচাই করা হয়।
রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী নুরুদ্দিন জাকারিয়া প্রতিযোগিতার প্রতিটি ধাপে নিজের মেধার স্বাক্ষর রাখেন। সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় সৌদি ও আন্তর্জাতিক পর্যায়ের বিচারকদের কঠোর মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। এবারের আসরে বিভিন্ন শাখায় মোট ৫০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হচ্ছে এবং পুরো আয়োজনের মোট পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।
নিজের এই অভাবনীয় সাফল্যে অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া জানান, পবিত্র কোরআনই তাকে একটি সাধারণ গ্রাম থেকে মক্কার পবিত্র নগরীতে নিয়ে এসেছে। মসজিদুল হারামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে একই মঞ্চে অংশ নিতে পারা তার জীবনের অন্যতম বড় সম্মান ও স্মরণীয় অর্জন বলে তিনি মন্তব্য করেন।
মক্কার পবিত্র ভূমিতে আন্তর্জাতিক এই আসরে প্রথম স্থান অর্জনের মাধ্যমে নুরুদ্দিন জাকারিয়া বাংলাদেশের লাল-সবুজ পতাকার মর্যাদা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল করেছেন। তার এই অনন্য সাফল্য দেশের কোরআন শিক্ষা ও মাদরাসা অঙ্গনে নতুন করে অনুপ্রেরণা ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
Leave a Reply