
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে আয়োজিত ঐতিহাসিক সার্বভৌমত্ব র্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার পর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রধানমন্ত্রী এই র্যালির উদ্বোধন করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের লাখো নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকাটি জনসমুদ্রে রূপ নেয়। নেতাকর্মীদের হাতে ছিল বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড।
নয়া পল্টন থেকে শুরু হওয়া বর্ণাঢ্য এই র্যালিটি কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবন, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। র্যালি শুরুর আগে বিকেল পৌনে ৩টা থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২০ বছর পর বিএনপি নির্বিঘ্নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে পারায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
র্যালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, সংসদ সদস্য খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
Leave a Reply