
ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের আপত্তি থাকায় সরকারপ্রধান এই সম্মেলনে যোগ দেবেন না বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা সংকট বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে, সরকারপ্রধান হিসেবে নয়। তবে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি তিনি। হুমায়ুন কবির বলেন, ‘উপযুক্ত ও অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে ভারত যেতে পারেন।’
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে এই সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ভারত। প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছিল। এর আগে ৪ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের আমন্ত্রণের ধরন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে কোনো শর্ত যুক্ত করা হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এছাড়া শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গকে কেন্দ্র করে ভারতের ওপর চাপ তৈরির বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। সব মিলিয়ে, দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের সরকারপ্রধানের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে যে জল্পনা-কল্পনা চলছিল, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে তার চূড়ান্ত অবসান ঘটল।
Leave a Reply