যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। চিঠিতে বোয়িং কেনার এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট আশ্বস্ত করেছেন যে, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। হোয়াইট হাউজের প্যাডে পাঠানো এই চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, বোয়িং ক্রয়ের বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথা তিনি মনে রাখবেন।
প্রেসিডেন্ট ট্রাম্প চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে লিখেছেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের এক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এছাড়া শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হবে বলেও ট্রাম্প প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এর আগে গত রোববার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর এক এক্স পোস্টে জানিয়েছিলেন, নতুন চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, বোয়িংয়ের এই কেনাকাটা নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একটি অভূতপূর্ব চুক্তি সম্পন্ন হয়েছে। বিশেষ দূতের এই তথ্য প্রকাশের ঠিক একদিন পরই মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে এই চিঠি পাঠালেন।
Leave a Reply