দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনার লক্ষ্যে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এই প্ল্যাটফর্মের কার্যক্রম প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাইলট প্রকল্পের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য চ্যালেঞ্জ, ব্যয় এবং বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। এই প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার ভিত্তিতে পরবর্তীতে পর্যায়ক্রমে এর পরিধি সারা দেশে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ও সুষম ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই সমন্বিত ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যেন সাধারণ মানুষ সহজেই এর সুফল ভোগ করতে পারেন এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজতর হয়। এছাড়া রোগীর স্বাস্থ্যতথ্য নিরাপদ সংরক্ষণ এবং প্রয়োজনে সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা দ্রুত পৌঁছানোর ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এটি যেন ব্যবহারবান্ধব, ব্যয়সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে টেকসই হয়, সে বিষয়েও তিনি দিকনির্দেশনা দেন। সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের বিভিন্ন কারিগরি দিক তুলে ধরে একটি উপস্থাপনা প্রদান করেন প্রকৌশলী জাকারিয়া স্বপন।
উক্ত সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও ড. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
Leave a Reply