1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:24 am

জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখ সংশোধনের ক্ষমতা এখন মাঠপর্যায়ের কর্মকর্তাদের হাতে

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Thursday, August 13, 2026
  • 113 দেখা হয়েছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের জটিলতা কমাতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মাঠপর্যায়ের কর্মকর্তারাই জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করতে পারবেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরা এই আবেদনগুলো নিষ্পত্তি করার ক্ষমতা পাবেন। অনলাইনে যাচাইযোগ্য জেএসসি বা মাধ্যমিক ও সমমানের শিক্ষা সনদের ভিত্তিতে করা আবেদনগুলো ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠপর্যায়েই সমাধান করা সম্ভব হবে। তবে এ ক্ষেত্রে প্রচলিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী প্রয়োজনীয় দলিলপত্র যাচাই করতে হবে।

সংশোধনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে ইলেকট্রনিক পদ্ধতিতে আবেদন অনুমোদন বা বাতিলের সময় সিএমএসে সুনির্দিষ্ট নোট প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীনস্থ কর্মকর্তাদের কাজের ওপর নজরদারি করবেন। এছাড়া, স্বচ্ছতা যাচাইয়ের জন্য দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার ন্যূনতম তিনটি আবেদন যথাযথভাবে নিষ্পত্তি হয়েছে কি না, তা যাচাই করা হবে। এ সংক্রান্ত প্রতিবেদন নির্দিষ্ট ছকে প্রস্তুত করে পরিচালকের (অপারেশনস) অভ্যন্তরীণ অ্যাকাউন্টে পাঠাতে হবে।

তবে সব ধরনের সংশোধন মাঠপর্যায়ে হবে না। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধন এবং জন্মতারিখসহ নিজের নাম বা পিতা-মাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের আবেদনগুলো মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তি করা হবে। এছাড়া, জন্মতারিখ, নিজের নাম বা পিতা-মাতার নামের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার কোনো সংশোধন করা যাবে না। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই পরিপত্র মেনে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira