রাজধানীর কাওরান বাজার এলাকায় আবারও জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন মালয়েশিয়া যেতে ব্যর্থ কর্মীরা। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সার্ক ফোয়ারা মোড়ে তারা এই কর্মসূচি শুরু করলে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়, যা সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি করে। বর্তমানে আন্দোলনকারীরা রাস্তার পাশে অবস্থান নিয়ে তাদের দাবি জানিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তেজগাঁও থানার এসআই মাহমুদুল হানান।
ভুক্তভোগী কর্মী সজিব জানান, ২০২৪ সালের মে মাসের মধ্যে মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও নানা টালবাহানায় তা সম্ভব হয়নি। তিনি বলেন, ৫ থেকে ৭ লাখ টাকা খরচ করার পরও তারা মালয়েশিয়া যেতে পারেননি। এছাড়া সরকারি ট্রেনিংয়ের নামেও প্রত্যেকের ২০ থেকে ২৫ হাজার টাকা করে ব্যয় হয়েছে। ঋণ করে এই টাকা জোগাড় করায় এখন পরিবার নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা। তারা যেকোনো মূল্যে মালয়েশিয়া যাওয়ার নিশ্চয়তা চান। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মী সজিব বলেন, ‘আমরা ৫-৭ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি। সরকার ট্রেনিং দেওয়ার নামে সময়ক্ষেপণ করেছে। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবে কোনও অগ্রগতি হয়নি।
মহাসমাবেশে নেতৃত্বদানকারী মাইন উদ্দিন বাবু বলেন, এ প্রক্রিয়ায় তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। সরকারি আশ্বাসের পরও কোনো কার্যকর অগ্রগতি না হওয়ায় তারা হতাশ। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী কর্মীরা।
Leave a Reply