রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। গত সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষর করেছেন।
জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে যে, স্কুলের ক্লাসের সময় অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে না থেকে কোচিং সেন্টারে চলে যাচ্ছে। এই প্রবণতা রোধ করতেই স্কুল চলাকালীন নির্দিষ্ট সময়ে কোচিং বন্ধের নিয়ম আরোপ করা হয়েছে।
কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের বিষয়েও জেলা প্রশাসক হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোচিংয়ের নামে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়া এবং পরে তা ফেরত না দেওয়ার অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই নির্দেশনা অমান্য করে কোচিং চালু রাখলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে।
এই গণবিজ্ঞপ্তি বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ সুপার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও এই নির্দেশনা বাস্তবায়নে সজাগ থাকতে বলা হয়েছে।
Leave a Reply