রাজধানীর ঐতিহ্যবাহী ওসমানী উদ্যান এখন নতুন রূপে সেজেছে। উদ্যানটির সামগ্রিক আধুনিকায়ন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এর প্রাঙ্গণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯ অক্টোবর সোমবার সকাল ১০টার দিকে তিনি এই স্মৃতিস্তম্ভ এবং আধুনিকায়নকৃত উদ্যান প্রাঙ্গণটি সাধারণের জন্য উন্মুক্ত করেন। জুলাই শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের স্মরণে নির্মিত এই স্মৃতিস্তম্ভের মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন। এ ছাড়া দর্শনার্থীদের জন্য তৈরি করা হয়েছে আধুনিক লাইব্রেরি, জিমনেশিয়াম ও ক্যাফেটেরিয়া। লাইব্রেরির আগে বাম পাশ দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলে দেখা যাবে, আন্ডারগ্রাউন্ডে জাদুঘর নির্মাণের জন্য স্থান তৈরি করা হয়েছে। মাঝখানে স্টিলের পাতের ওপর খোদাই করা হয়েছে জুলাই শহীদদের নাম। এ ছাড়া স্মৃতিস্তম্ভের রেলিংয়ের ভেতরের পাশে জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। স্মৃতিস্তম্ভের ঠিক সামনে রয়েছে বেশ কয়েকটি প্রতীকী কবর।
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে উদ্যানটির নান্দনিক সংস্কারের পাশাপাশি নতুন এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের বিপরীত দিকে অবস্থিত এই উদ্যানের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলে বাঁ দিকে একটি সুদৃশ্য লেক চোখে পড়বে। পুরো প্রকল্পের নকশা ও অবকাঠামোগত উন্নয়ন ঢাকা শহরের অন্যতম ঐতিহাসিক এই স্থানটিকে নতুন মাত্রা দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নাগরিকদের বিনোদন ও ঐতিহাসিক স্মৃতির প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
Leave a Reply