বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত একটি নতুন সমঝোতা স্মারক ইএসডিপি-এমওসি (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) স্বাক্ষরিত হয়েছে। গত ১৭ অক্টোবর চূড়ান্ত হওয়া এই চুক্তির আওতায় আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হবে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তিটির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে, তবে মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য নবায়নযোগ্য। ফলে চুক্তির সামগ্রিক মেয়াদ দাঁড়াবে ১০ বছর। সোমবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
চুক্তির সুফল ও বিশেষ দিকগুলো তুলে ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, এই উদ্যোগের ফলে বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি উচ্চ বেতনে দীর্ঘমেয়াদে জাপানে কাজ করার সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, এই চুক্তির আওতায় কর্মীরা জাপানি স্থানীয় শ্রমিকদের সমান আইনি সুরক্ষা পাবেন। বিশেষ করে কর্মক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্যহীন পরিবেশ বজায় রাখা হবে। গর্ভাবস্থা কিংবা সন্তান জন্মদানের কারণে কোনো নারী কর্মীকে চাকরিচ্যুত করা বা জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর কোনো সুযোগ এই চুক্তিতে রাখা হয়নি। কর্মী প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতার এই নতুন দিগন্ত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।
Leave a Reply