1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:17 am

জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, October 20, 2026
  • 45 দেখা হয়েছে

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাপান সফরে যাচ্ছেন তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯শে অক্টোবর অনুষ্ঠেয় এই সফরে ঢাকা ও টোকিও’র মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ তথ্য জানান। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা ও জাপান সরকার একই দিনে আনুষ্ঠানিকভাবে এই সফরের ঘোষণা দিয়েছে।

সফরের দ্বিতীয় দিন ২৭শে অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের নেতৃত্বে উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি একটি ভোজসভার আয়োজন করবেন। সফরকালে প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ, জাইকা প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) গভর্নর, জেট্রো সভাপতি এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এম শহীদুল করিম, রাষ্ট্রাচার প্রধান এ।

এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সরকারের প্রতিনিধিরা। প্রতিনিধি দলটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও ভ্রমণ করবেন।

সফরে দুই দেশের মধ্যে কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান পরিবহন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকার আধুনিকীকরণ সংক্রান্ত বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জাপানি কোম্পানির কারখানা স্থাপন, দক্ষ কর্মী প্রেরণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সফরে প্রধানমন্ত্রী জাপানের জ্বালানি অবকাঠামো ও শিল্প স্থাপনা পরিদর্শনের অংশ হিসেবে চিবা প্রিফেকচারের কুতসু শহরে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র এবং নাগোয়ায় টয়োটা কারখানা পরিদর্শন করবেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, মানবসম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে দেশটি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। পাশাপাশি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা, নতুন বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা, বাণিজ্যিক অংশীদারত্ব জোরদার এবং অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশ আলোচনা করবে। নিরাপত্তা খাতেও দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।

দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা, আন্তর্জাতিক সংঘাত নিরসনে যৌথ ভূমিকা এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়টি উঠে আসবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর অন্যতম জাপান। বর্তমানে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত হয়েছে, যা এই সফরের মাধ্যমে আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira