রাজধানীর ৩০০ ফিট এলাকায় অবস্থিত নিজের বাসায় মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠায় পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখার অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পুলিশ সদরদপ্তরের সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে সোমবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা ও কুশসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং অসামাজিক কার্যকলাপের আলামত জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কিছু গাড়িও আটক করা হয়েছে। অভিযানের সময় বাড়িটির কক্ষগুলো পরিচালনার দায়িত্বে থাকা মাহবুব নামে এক ব্যক্তিসহ মোট ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ২৬ জন নারী রয়েছেন। মঙ্গলবার বিকেলে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাসাটিতে দীর্ঘ সময় ধরে ডিজে পার্টির আড়ালে মাদক সেবনসহ অবৈধ কর্মকাণ্ড চলছিল।
অভিযোগের বিষয়ে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির দাবি করেছেন, সোমবার একটি জন্মদিনের অনুষ্ঠানের জন্য বাসাটি ভাড়া দেওয়া হয়েছিল। তিনি জানান, ভাড়াটিয়াদের নিয়ম মেনে চলার নির্দেশনা দেওয়া ছিল এবং নিয়ম ভঙ্গ করলে এক লাখ টাকা জরিমানার শর্তও ছিল। তিনি আরও বলেন, ভাড়াটিয়ারা সেই নিয়ম অমান্য করেছে এবং এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি জানান, বাসাটি ভাড়া দেওয়া হলেও সেখানে তিনি নিজে থাকেন না। এসব কাজের আলামতও উদ্ধার করা হয়েছে। আমাদের যেসব নিয়ম রয়েছে সেগুলো যারা ভাড়া নেন তাদেরকে বলে দেওয়া হয় কি করা যাবে, কি করা যাবে না।
তদন্তকারী সূত্রে জানা গেছে, পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এ অবস্থিত ওই প্লটে পাঁচটি কক্ষ নির্মাণ করে ‘এয়ারবিএনবি’ ওয়েবসাইটের মাধ্যমে ভাড়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। ওই ওয়েবসাইটের মাধ্যমেই তরুণ-তরুণীসহ বিভিন্ন আগ্রহী ব্যক্তিরা বুকিং নিয়ে সেখানে মাদক সেবন ও ডিজে পার্টির নামে নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। দীর্ঘদিনের এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ডিবি পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
Leave a Reply