শারদীয় দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগ জানিয়েছে, ২০, ২১, ২২ ও ২৪ অক্টোবর স্বাভাবিক সময়ের আদলে ট্রেন চললেও ২৩ অক্টোবর (শুক্রবার) মেট্রোরেল কেবল বিকেল থেকে চলাচল করবে। ছুটির এই দিনগুলোতে যাত্রী চাহিদা মাথায় রেখে ট্রেনের মধ্যবর্তী বিরতি ১০ থেকে ২০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।।
ডিএমটিসিএলের ঘোষণা অনুযায়ী, নির্ধারিত চার দিনে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। দিনের অধিকাংশ সময় ১০ থেকে ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে এবং রাতের দিকে যাত্রীর চাপ অনুযায়ী এই বিরতি বেড়ে ১৫ থেকে ২০ মিনিট হতে পারে। এই চার দিনে উভয় দিক মিলিয়ে মোট ১৭১টি ট্রিপ পরিচালনা করা হবে।
শুক্রবারের বিশেষ সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী মেট্রোরেল বিকেল ৩টা থেকে এবং মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন বিকেল ৩টা ২০ মিনিট থেকে চলাচল শুরু করবে। শুক্রবারের এই সূচিতে সারা দিনে মোট ৮২টি ট্রিপ পরিচালিত হবে।
যাত্রীদের বাড়তি চাপ সামাল দেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষ বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। উত্তরা উত্তর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম এবং ডিপোতে দুটি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী যাত্রী সেবায় যুক্ত করা হবে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, চাহিদা অনুযায়ী এই অতিরিক্ত ট্রেনগুলো ব্যবহারের মাধ্যমে ট্রেনের মধ্যবর্তী বিরতির সময় সমন্বয় করা হবে।
Leave a Reply