1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 7:42 am

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান: তাকাইচির সঙ্গে বসবেন বৈঠকে

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Monday, October 26, 2026
  • 68 দেখা হয়েছে

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা। বিমানবন্দরে সফরকালীন আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে টোকিও ইম্পেরিয়াল হোটেলে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফরটি ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী এই সফরে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এবং আমজনতার দলের নেতা মো. তারেক রহমান। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিশেষ নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হয়েছেন।

সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর)। ওইদিন জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে জাপানের প্রধানমন্ত্রী একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। সফরের প্রথম দিনে সোমবার জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের সভাপতি তারো আসোর সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এ ছাড়া জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. আকিহিকো তানাকার সঙ্গেও তাঁর পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে সোমবার বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর ফ্লাইটি জাপানের উদ্দেশে যাত্রা শুরু করে। ঢাকা ত্যাগের সময় তাঁকে এবং তাঁর সহধর্মিণীকে বিমানবন্দরে বিদায় জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ সরকারের পদস্থ কর্মকর্তারা। এ সময় প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং টোকিওতে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত।

সফরকালে প্রধানমন্ত্রী জাপানের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা এবং দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের মতে, এই সফর বাংলাদেশ ও জাপানের বিদ্যমান কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে। চার দিনের এই সরকারি সফর শেষে আগামী ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, জাপানি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর এবং উন্নয়ন সহযোগিতায় নতুন গতি আনাই এ সফরের অন্যতম লক্ষ্য। পাশাপাশি জাপানের শিল্পকারখানা, জ্বালানি স্থাপনা ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira