রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনার সময় স্থানীয় লোকজন ও ক্ষুব্ধ ব্যবসায়ীরা তাঁর ওপর চড়াও হন। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর তাঁকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, জসিমউদ্দিন সড়কের পাকার মাথা এলাকায় অভিযানের সময় জরিমানা কমিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ম্যাজিস্ট্রেটের এক সহযোগী এক দোকানদারের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়েছেন। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, ওই টাকা পরবর্তীতে ওই সহযোগীর কাছ থেকেই উদ্ধার করা হয়েছে। এ ঘটনার জেরে এলাকাটিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরেন। পরে ওই টাকা তাঁর কাছ থেকে পাওয়া গেছে বলেও দাবি করেন তাঁরা।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ফুটপাতে দোকান বসানোর অভিযোগে জরিমানার রসিদ দেওয়াকে কেন্দ্র করেই দোকানিদের সঙ্গে ম্যাজিস্ট্রেটের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ তাঁকে উদ্ধার করে। এদিকে, অতীশ দর্শী চাকমার বিরুদ্ধে ওঠা ঘুষ নেওয়ার এই অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি বা কোনো খুদে বার্তারও উত্তর দেননি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রকৃত সত্য উদঘাটনের পর পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
প্রশাসক আরও জানান, অতীশ দর্শী চাকমা ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থায়ী কর্মকর্তা নন। বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফুটপাত উচ্ছেদসহ বিভিন্ন বিশেষ কার্যক্রম পরিচালনার জন্য তিন মাসের মেয়াদে যে ১০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, তিনি তাঁদেরই একজন।
Leave a Reply