জিম্বাবুয়ের লেক কারিবায় ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় এখনো ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল প্রোটেকশন ইউনিট। মঙ্গলবার তীব্র ঢেউয়ের কবলে পড়ে ফেরিটি উল্টে যায়। এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ফেরিটি উত্তরের কারিবা শহর এবং নিকটবর্তী বিভিন্ন দ্বীপ ও মাছ ধরার ক্যাম্পের মধ্যে নিয়মিত যাতায়াত করত।
টিকিট বিক্রির নিবন্ধিত হিসাব অনুযায়ী, দুর্ঘটনার সময় নৌকায় ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তবে টিকিটবিহীন অনেক শিশুও নৌকায় থাকতে পারে বলে কর্তৃপক্ষের আশঙ্কা। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা শুরু করতে কিছুটা বিলম্ব হলেও বর্তমানে পুলিশের ডুবুরি দল, স্পিডবোট ও হেলিকপ্টারের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। উল্লেখ্য, জিম্বাবুয়ে ও জাম্বিয়া সীমান্তে অবস্থিত লেক কারিবা বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদ। স্থানীয় সংসদ সদস্য মুতসা মুরম্বেদজি এই দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে অভিহিত করেছেন।
Leave a Reply