তুরস্কের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উদ্যাপন করেছে। শুক্রবার রাজধানী আংকারার ন্যাশনাল গার্ডেনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান এই দিনটিকে অত্যন্ত বিশেষ ও ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন। ২০০১ সালের ১৪ আগস্ট এরদোয়ানের নেতৃত্বে প্রতিষ্ঠিত এই দলটি সময়ের পরিক্রমায় তুরস্কের রাজনীতির প্রধান শক্তিতে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান দলের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে বলেন, ২০০১ সালে একে পার্টির জন্ম হয়েছিল জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে। গত ২৫ বছরে দলটি কেবল রাজনৈতিক ক্ষেত্রেই নয়, বরং দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহন খাতে আমূল পরিবর্তন এনেছে। তার দাবি, এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বড় বিনিয়োগ প্রকল্প দেশের মানুষের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
তুরস্কের বহুদলীয় রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে একে পার্টির ধারাবাহিক নির্বাচনী সাফল্যের কথা তুলে ধরে এরদোয়ান বলেন, জনগণের দেওয়া দায়িত্ব ও সম্পদকে দলটি দেশের শক্তি বৃদ্ধিতে কাজে লাগিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে দলটির নেতৃত্বে চারজন প্রধানমন্ত্রী ও দু’জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন, যা দেশটির নির্বাচনী ইতিহাসে এক অনন্য নজির।
তবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরও দলটির কোনো ক্লান্তি নেই বলে স্পষ্ট করেছেন এরদোয়ান। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ যেন এমনটা আশা না করেন যে আমরা ক্লান্ত হয়ে পড়ব।’ বরং এক চতুর্থাংশ শতাব্দীর এই পথচলাকে তিনি কেবল একটি সূচনা হিসেবে দেখছেন। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, ‘আমরা সবে শুরু করেছি।’
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে এরদোয়ান জানান, একে পার্টি এখন ২০৫৩ ও ২০৭১ সালের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবে। দেশের ভবিষ্যৎ বিনির্মাণে দলটি আগের চেয়েও বেশি সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, জাতির জন্য এখনো অনেক কাজ বাকি রয়েছে যা সম্পন্ন করতে দলটি বদ্ধপরিকর।
এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের পাশাপাশি একে পার্টির প্রতিষ্ঠাতা বোর্ডের সভায় প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। ইস্তাম্বুলের সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করা এরদোয়ান ২০০১ সালে এই দল গঠনের পর থেকে ধারাবাহিকভাবে একে পার্টিকে সাফল্যের শিখরে নিয়ে গেছেন।
সবশেষে সমর্থকদের উদ্দেশে তিনি বার্তা দেন যে, তাদের এই রাজনৈতিক যাত্রা থামবে না। ২৫ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে এরদোয়ান দলের নেতাকর্মীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান, যাতে তুরস্ককে আরও সমৃদ্ধ ও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়।
শুক্রবার রাজধানী আংকারায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেছেন, ২৫ বছরে বড় অর্জন এলেও দলের কাজ এখনো শেষ হয়নি।
তুরস্কে বহুদলীয় রাজনৈতিক যুগ শুরু হয় ১৯৪৬ সালে।
দলের দীর্ঘ রাজনৈতিক পথচলায় সাধারণ ভোটারদের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
Leave a Reply