ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুৎ সাবস্টেশনের গেটসংলগ্ন খুঁটিতে ধাক্কা খেয়ে আটকে যায়।
দুর্ঘটনায় বাস ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ২০ জন আহত হন। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। স্থানীয়দের অভিযোগ, ট্রাকটি অত্যন্ত দ্রুতগতিতে আসছিল, যা এই ভয়াবহ সংঘর্ষের মূল কারণ। সংঘর্ষের তীব্রতায় সড়কের পাশে থাকা তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সাময়িকভাবে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বোয়ালমারী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম উৎপল মণ্ডল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, বোয়ালমারী থানার উপপরিদর্শক কোবায়েদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে। উভয় যানবাহনের চালক ও হেলপার আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ কর্মকর্তা কোবায়েদ হোসেন আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতের কাজও শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Leave a Reply