1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 5:03 am

খাসির মাংস নিয়ে তুলকালাম: বিয়ে না করেই ফিরে গেলেন জাপান প্রবাসী বর

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Tuesday, August 18, 2026
  • 55 দেখা হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে খাসির মাংস না পেয়ে অশালীন আচরণ ও আপত্তিকর মন্তব্যের জেরে বিয়ে না করেই ফিরে গেছেন জাপান প্রবাসী বর জুনায়েদ।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে খাসির মাংস না পাওয়ার জেরে তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার বিকেলে ঘটা এই ঘটনায় জাপান প্রবাসী বর জুনায়েদ বিয়ে না করেই ফিরে গেছেন। কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জুনায়েদের এমন আচরণে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।

কনেপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে জুনায়েদ তার আত্মীয়স্বজনদের নিয়ে কনের বাড়িতে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। গেট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বরকে নির্ধারিত আসনে বসানো হয়। এরপর আত্মীয়স্বজনদের খাওয়া-দাওয়া শেষে বরপক্ষের জন্য খদরে (বড় থালায়) খাবার পরিবেশন করা হয়। এ সময় খদরে খাসি না থাকায় জুনায়েদ আপত্তি জানান। তিনি খাসি ছাড়া খাবেন না এবং খাসি না দিলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না বলে সাফ জানিয়ে দেন।

অভিযোগ উঠেছে, বিয়ের আসরে খাসির মাংস না পেয়ে বর অশালীন আচরণ শুরু করেন এবং একপর্যায়ে নববধূকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। কনেপক্ষের লোকজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তিনি তার সিদ্ধান্তে অনড় থাকেন। মেয়ের ভবিষ্যৎ নিরাপত্তা ও বরের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে শঙ্কিত হয়ে কনের বাবা শফিক মিয়া শেষ পর্যন্ত ওই যুবকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে অস্বীকৃতি জানান। ফলে বাধ্য হয়ে বরকে বিয়ে না করেই কনের বাড়ি থেকে ফিরে যেতে হয়।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় নিন্দার ঝড় ওঠে। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়ে জুনায়েদ দাবি করেন, অতিরিক্ত কাবিন দাবি করার কারণেই মূলত এমন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, বিয়ের আসরে খাওয়া-দাওয়া শেষে মেয়েপক্ষ আমার কাছে পূর্বনির্ধারিত পরিমাণের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করে। আমি ও আমার পরিবার তা দিতে অস্বীকার করলে কথা কাটাকাটি শুরু হয় এবং তারা আমাদের বিয়ের আসর থেকে বের করে দেয়।

তবে বরের পক্ষ থেকে অতিরিক্ত কাবিনের টাকা চাওয়ার দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন কনের বাবা শফিক মিয়া। তিনি বলেন, ‘খাবারে খাসির বিষয়টি আমাকে আগে জানানো হলে আমি অবশ্যই তার ব্যবস্থা করতাম। এ বিষয়ে আমাকে আগে কিছুই বলা হয়নি। এরপরও আত্মীয়স্বজনসহ সবাই তাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি কোনোভাবেই রাজি হননি। উল্টো খারাপ আচরণ করেছেন।’

স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো বাবাই চান না তার মেয়ের বিয়েতে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক। খাসির বিষয়টি সামনে আসার পর তাকে অনেক বোঝানো হলেও তিনি খাসি ছাড়া বিয়ে করবেন না বলে অনড় থাকেন। পরবর্তীতে তার অশালীন আচরণ ও মন্তব্যের কারণে কনের বাবা আর বিয়ে সম্পন্ন করেননি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira