বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা তারেক রহমান আগামী ২৩ থেকে ২৫ আগস্ট নয়াদিল্লিতে অবস্থান করতে পারেন। এর আগে শুক্রবারই (২১ আগস্ট) তার ভারত সফরে যাওয়ার কথা ছিল বলে ধারণা করা হচ্ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে চলমান কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই তারেক রহমানের এই সম্ভাব্য ভারত সফরের খবরটি সামনে এসেছে।
তারেক রহমানের দিল্লি সফরকে কেন্দ্র করে শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে একটি সরকারি বিবৃতি প্রকাশ করা হয়েছিল, যা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করে নেয়া হয়। ওই বিবৃতিতে জানানো হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানটি হবে না। তবে নয়াদিল্লি কিংবা ঢাকা—কোনো পক্ষই এখন পর্যন্ত তারেক রহমানের এই সম্ভাব্য ভারত সফর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। এরপরই দেশটির রাষ্ট্রপতির কার্যালয় থেকে নতুন বিজ্ঞপ্তি আসে।
Leave a Reply