ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়া পর্যালোচনা করে তা সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের এই কমিটির বৈঠকে বিল দুটি নিয়ে বিস্তারিত আলোচনা ও যাচাই-বাছাই করা হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিল দুটির বিভিন্ন ধারা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়। সংশ্লিষ্ট বিধান ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার পর প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে বিলগুলো সংসদে উত্থাপনের জন্য চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে কমিটির সদস্য হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আলফারুক আব্দুল লতীফ উপস্থিত ছিলেন।
আইন প্রণয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আয়োজিত এই সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও বৈঠকে অংশ নিয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
Leave a Reply