রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ ভবনের ‘কিন্নরী’ সভাকক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধিরা জানান, বর্তমানে কাপ্তাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে কাপ্তাই ও চন্দ্রঘোনা ইউনিয়নে মাদকের কিছুটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যা নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মাদক পরিস্থিতির বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ সভায় কড়া বার্তা দিয়ে বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় এনে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন এবং কাপ্তাই জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ হারুনুর রশীদসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।
Leave a Reply