দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষিতে সারসংকট, অটোরিকশা শ্রমিকদের হয়রানি এবং পরিবেশগত বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। গত মঙ্গলবার সন্ধ্যায় অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা দেশে হত্যা, ধর্ষণ, শিশু নিপীড়ন ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ জানান। বিশেষ করে গত আগস্ট মাসে রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে প্রাণহানির ঘটনায় পুলিশের দেওয়া বক্তব্যে অসংগতি রয়েছে বলে দাবি করেন তাঁরা। এই ঘটনায় জনমনে যে নিরাপত্তাহীনতা ও অবিশ্বাসের সৃষ্টি হয়েছে, তা দূর করতে প্রতিটি ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
পরিবহন খাতে অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা জব্দ এবং শ্রমিকদের হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়েছে কমিটি। বক্তারা বলেন, বিকল্প গণপরিবহন বা কর্মসংস্থানের সুযোগ তৈরি না করে শ্রমজীবী মানুষের ওপর দায় চাপানো কোনোভাবেই কাম্য নয়। এর পরিবর্তে রিকশার লাইসেন্স প্রদান, স্পিডমিটার স্থাপন, জোনভিত্তিক চলাচলের ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিবহন নিয়ন্ত্রণের মতো কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
পরিবেশগত সুরক্ষার বিষয়ে কক্সবাজার, সেন্ট মার্টিন ও টেকনাফের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিটি। সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সীমানাপ্রাচীর নির্মাণের সমালোচনা করে স্থানীয় মানুষের মতামত গ্রহণ ও যথাযথ পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া কোনো প্রকল্প গ্রহণ না করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি রংপুর ও কুড়িগ্রামসহ বিভিন্ন অঞ্চলে আমন মৌসুমে সারসংকটের অভিযোগ তুলে কৃষকদের জন্য ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।
ফুলবাড়ী গণ-অভ্যুত্থানের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রচারযাত্রাকে স্বাগত জানিয়ে সভায় সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে ফুলবাড়ী চুক্তি বাস্তবায়ন, মার্কিন বাণিজ্যচুক্তি বাতিল এবং জ্বালানি ও রাষ্ট্রায়ত্ত খাতে বেসরকারীকরণ প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।
Leave a Reply