দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় রাষ্ট্রপতি তার কার্যালয়ের সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন।
বৈঠকের মূল আলোচনায় উঠে আসে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী সফরের বিস্তারিত বিবরণ, জাতিসংঘের মহাসচিব, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে তার আলোচনার বিষয়গুলো রাষ্ট্রপতিকে অবহিত করেন।
জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসা করে রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান। তিনি এই ভাষণকে ‘দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিকনির্দেশনামূলক’ হিসেবে অভিহিত করেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, এই ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটেছে এবং বৈশ্বিক নানা ইস্যুতে দেশের অবস্থান সুস্পষ্টভাবে উঠে এসেছে।
রাষ্ট্রপতি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এই সফর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও অবস্থানকে আরও সুসংহত ও শক্তিশালী করবে। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি জনস্বার্থ রক্ষায় এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া বৈঠকে জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বঙ্গভবনে আসার জন্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বৈঠককালে প্রধানমন্ত্রীর কার্যালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply