মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সাথে দাফন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে পুত্রাজায়ার পুসারা নেগারা বা জাতীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে এই মহীয়সী নারীর বয়স হয়েছিল ১০০ বছর।
এর আগে, সোমবার সকালে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন সিতি হাসমাহ। তার প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম গভীর শোক প্রকাশ করেন। তিনি অবিলম্বে মরহুমার শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পর সরকারের প্রধান সচিব ও প্রতিরক্ষা প্রধান স্বয়ং উপস্থিত থেকে সার্বিক দাফন প্রক্রিয়ার তদারকি করেন।
জানাজার নামাজ শেষ হওয়ার পর সিতি হাসমাহর মরদেহ মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী এবং রয়্যাল মালয়েশিয়া পুলিশের যৌথ সামরিক প্রটোকলের মাধ্যমে পুসারা নেগারায় নিয়ে যাওয়া হয়। দেশের ইতিহাসে তার অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, সিতি হাসমাহর অকৃত্রিম ব্যক্তিত্ব, মাতৃসুলভ আচরণ এবং জাতির প্রতি তার আজীবন সেবা মালয়েশিয়ার জনগণ চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।
ড. সিতি হাসমাহ ছিলেন আধুনিক মালয়েশিয়ার জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনের অন্যতম প্রধান রূপকার। ১৯৪০-এর দশকের শেষের দিকে সিঙ্গাপুরে চিকিৎসাবিদ্যা অর্জন করার সময় মাহাথির মোহাম্মদের সাথে তার পরিচয় ঘটে। পরবর্তীতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং দীর্ঘ ৭০ বছরের সুখী দাম্পত্য জীবনে তারা সাত সন্তানের জনক-জননি হন। রাষ্ট্রীয় সম্মান জানানোর মধ্য দিয়ে মালয়েশিয়ার এই বরণীয় ব্যক্তিত্বকে চিরবিদায় জানানো হলো।
Leave a Reply