সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে যে খবর প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে তার দপ্তর। প্রতিমন্ত্রী নিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত সরকারি ও রাজনৈতিক দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং সরকারের উচ্চপর্যায় থেকে তার পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৭ অক্টোবর) নিজের নির্বাচনী এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি চলাকালীন উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবেই প্রতিমন্ত্রী অস্ত্র প্রদর্শন করেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগের প্রচারণা চালানো হচ্ছে যা আইন ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৭ অক্টোবর) নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে।
রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যেই একটি অসাধু মহল এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রতিমন্ত্রী এরই মধ্যে উক্ত ঘটনার প্রেক্ষিতে তার অবস্থান পরিষ্কার করেছেন। এ ধরনের অপপ্রচার থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে প্রতিমন্ত্রীর দপ্তর।
একই সঙ্গে, যেসব গণমাধ্যম বিভ্রান্তিকর ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে, তাদের অবিলম্বে তা প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যে, এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply