নেত্রকোণার মোহনগঞ্জে এক মৎস্য চাষির পুকুরে পূর্বপরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার খুরশিমুল গ্রামের বাসিন্দা বিমল চন্দ্র সরকার (৫৩) নিজ বসতবাড়ির পাশে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে সংসার চালিয়ে আসছিলেন। গত মঙ্গলবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার পুকুরে বিষ দিলে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। সকালে পুকুর পাড়ে গিয়ে তিনি সব মাছ মরে ভেসে উঠতে দেখেন, যাতে সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় বুধবার মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বিমল চন্দ্র। তার দাবি, এর মাধ্যমে তৃতীয়বারের মতো তার পুকুরে বিষ প্রয়োগ করা হলো। এর আগে চলতি বছরের ২৬ আগস্ট প্রথম দফায় ৩ লাখ টাকা এবং ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ৫০ হাজার টাকার মাছ বিষ দিয়ে নিধন করা হয়েছিল। বারবার এমন হামলায় চরম দিশেহারা হয়ে পড়েছেন এই চাষি।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় পুকুর বা বিলে বিষ ঢেলে মাছ নিধনের প্রবণতা এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এতে সাধারণ মৎস্য চাষিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই অপরাধী চক্রের বিরুদ্ধে দ্রুত প্রশাসনের কঠোর অভিযান চালানো উচিত। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply