
মাদক বিক্রেতা ও সেবনকারীদের কঠোর হাতে প্রতিহত করার ডাক দিয়েছেন সচেতন নাগরিকরা। তারা বলছেন, সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এদের সামাজিকভাবে ঘৃণাভরে প্রত্যাখ্যান করা ছাড়া অন্য কোনো পথ নেই। মাদকের বিরুদ্ধে এই জোরালো অবস্থান ব্যক্ত হয়েছে শুক্রবার বিকেলে বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ষোলঘর মৃধাবাড়ি ঈদগাহ মাঠে আয়োজিত এক জনসভায়। ‘মাদককে না বলি’ এই প্রতিপাদ্য সামনে রেখে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই মূলত এই সভার আয়োজন করা হয়। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতিহত করা না গেলে সমাজকে এগিয়ে নেওয়া যাবে না, পাশাপাশি ধ্বংস হয়ে যাবে আগামী প্রজন্ম।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চরকালেখান ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও সাংবাদিক মো. নুরুল হক খান। নিজের অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাদক নির্মূলে অতীতেও তিনি সোচ্চার ছিলেন, বর্তমানেও তার এই অবস্থান অটুট রয়েছে এবং ভবিষ্যতেও তিনি মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। তার নির্বাচনী ইশতেহার ও মূল লক্ষ্য হলো একটি জুয়ামুক্ত ও মাদকমুক্ত চরকালেখান ইউনিয়ন পরিষদ গড়ে তোলা।
মানবকল্যাণ সংস্থার সভাপতি মো. রফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চরকালেখান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান মালেক সরদার, আ. রব, গিয়াস উদ্দিন খান ও মোশাররফ হোসেন ঢালী। বক্তারা তাদের বক্তব্যে ইউনিয়নের প্রতিটি এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
Leave a Reply