আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পেয়েছেন পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দা রোকসানা আক্তার রুজি। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে তাকে রাষ্ট্রপতির স্বর্ণপদক প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার হাতে এ পদক তুলে দেন।
দুর্যোগকালীন সময়ে মানুষের সেবায় আত্মনিয়োগ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে নিরলস অবদান এবং মানবিক দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করা হয়। রাষ্ট্রপতির কাছ থেকে পদক গ্রহণের এই মুহূর্তকে নিজের জীবনের অন্যতম গৌরবময় ও স্মরণীয় অর্জন বলে অভিহিত করেছেন রোকসানা আক্তার রুজি। তিনি জানান, দীর্ঘদিনের স্বেচ্ছাসেবার স্বীকৃতি পাওয়ায় তিনি অনুপ্রাণিত।
তার এই সাফল্যে কলাপাড়ার সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, রোকসানার এই অর্জন দুর্যোগ মোকাবিলায় নিবেদিত প্রাণ অন্যান্য স্বেচ্ছাসেবকদেরও নতুন করে উৎসাহিত করবে। তার এ অর্জনে কলাপাড়ার সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply