সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে প্রতিষ্ঠিত হওয়ায় বিগত ফ্যাসিবাদী শাসনামলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) কোনো মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সোমবার বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
উপাচার্য বলেন, ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে কোনো নজর দেয়নি। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এবং জাতীয় নানা সংকটে ভূমিকা রাখা সত্ত্বেও প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে চরম বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টির প্রাপ্তির খাতা কার্যত শূন্যই রয়ে গেছে।
বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা বর্তমানে সংসদ সদস্য বা সরকারের উচ্চপর্যায়ে দায়িত্বরত রয়েছেন, তাদের দায়িত্ব হলো শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই দুর্দশা লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের বিশেষ সুদৃষ্টি কামনা করে তিনি সংশ্লিষ্ট সবার ইতিবাচক ও জোরালো ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply