যুক্তরাষ্ট্রের চলমান মধ্যবর্তী নির্বাচনে ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটের ২৬তম ডিস্ট্রিক্টে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী নাবিলা সৈয়দ। শিকাগোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরতলি এলাকার এই আসনটি এতদিন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল, যা এবার নাবিলা নিজের দখলে নিলেন। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডারবি হিলসকে হারিয়ে তিনি এই সাফল্য অর্জন করেন। নাবিলার এই বিজয় অঙ্গরাজ্যের আইনসভায় ডেমোক্র্যাটদের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতৃত্বের প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারতীয় বংশোদ্ভূত মুসলিম নাবিলা সৈয়দের পরিবারের শিকড় ভারতের হায়দরাবাদে হলেও তার জন্ম ও বেড়ে ওঠা ইলিনয়ের পালাটাইনে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি নাগরিক অধিকার ও রাজনৈতিক সচেতনতা নিয়ে কাজ শুরু করেন। ক্যারিয়ারের শুরুতে একটি অলাভজনক প্রতিষ্ঠানে ডিজিটাল কৌশলবিদ হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্কুল পর্যায়ে বিতর্ক প্রশিক্ষক হিসেবেও তরুণদের অনুপ্রাণিত করেছেন।
রাজনীতিতে নাবিলার উত্থান ঘটে ২০২২ সালে, যখন মাত্র ২৩ বছর বয়সে তিনি ইলিনয়ের প্রতিনিধি পরিষদের ৫১তম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হন। সেই নির্বাচনে তিনি অঙ্গরাজ্যের আইনসভার সর্বকনিষ্ঠ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী হিসেবে ইতিহাস গড়েন। একই সঙ্গে তিনি ইলিনয়ের আইনসভায় নির্বাচিত প্রথম মুসলিম প্রতিনিধিদের একজন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালনকালে তিনি স্বাস্থ্যসেবা, ওষুধের মূল্য নিয়ন্ত্রণ, ভোটাধিকার এবং শিশুদের মানসিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর ভূমিকা রাখেন।
প্রতিনিধি পরিষদে থাকাকালীন নাবিলার হাত ধরেই বেশ কিছু আইন পাস হয়েছে, যার মধ্যে রয়েছে জেনেরিক ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, অঙ্গদাতাদের জন্য বেতনসহ ছুটি এবং ১৬ বছর বয়সীদের আগাম ভোটার নিবন্ধনের সুযোগ তৈরি। এছাড়া তিনি আইনসভার স্বাস্থ্যসেবা সংক্রান্ত কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দুই মেয়াদ প্রতিনিধি পরিষদে কাজ করার পর এবার তিনি অঙ্গরাজ্যের উচ্চকক্ষ সিনেটে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন। নাবিলার এই রাজনৈতিক যাত্রাকে অভিবাসী বংশোদ্ভূত নতুন প্রজন্মের নেতৃত্বের উত্থান হিসেবে দেখছে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিশ্লেষকরা।
Leave a Reply