কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর এবং নেপাল সীমান্ত সংলগ্ন মহাসড়ককে চার লেনে উন্নীত করার জন্য ২ হাজার ৭৭ কোটি রুপি অনুমোদন করেছে ভারত সরকার। এই প্রকল্পের আওতায় দার্জিলিং জেলার বাগডোগরা থেকে পানিট্যাঙ্কি, খড়িবাড়ি হয়ে গলগলিয়া পর্যন্ত ৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ সড়কপথকে চার লেনে রূপান্তর করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি জানিয়েছেন, এই মহাসড়কটি নেপাল সীমান্তের কাছে গলগলিয়া থেকে শুরু হয়ে বাগডোগরা বিমানবন্দরে এনএইচ-২৭ মহাসড়কের সঙ্গে সংযুক্ত হবে।
প্রকল্পের নকশায় তিনটি বড় সেতু, একটি ফ্লাইওভার বা আরওবি, পাঁচটি হাতি চলাচলের আন্ডারপাস এবং সড়কের দুই পাশে সার্ভিস রোড নির্মাণের পরিকল্পনা রাখা হয়েছে। এছাড়া বাগডোগরা বিমানবন্দরে ব্যস্ত সময়ে ৩ হাজার যাত্রী সামলানোর সক্ষমতা সম্পন্ন নতুন গ্রিন টার্মিনাল ভবন এবং ১০টি ন্যারো-বডি উড়োজাহাজ পার্কিংয়ের সুবিধাও তৈরি করা হচ্ছে। নিতিন গডকড়ি জানান, শিলিগুড়ি করিডোরে অবস্থিত হওয়ায় এই প্রকল্প উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করবে এবং নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে যাতায়াত সহজতর করবে।
দার্জিলিংয়ের সংসদ সদস্য রাজু বিস্টা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই মহাসড়কটি এশিয়ান হাইওয়ে ২-এর অংশ হিসেবে ভারত-নেপাল সীমান্ত পানিট্যাঙ্কি থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত ফুলবাড়ীকে যুক্তকারী ৩৮ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোরকে আরও শক্তিশালী করবে। ভারতের কৌশলগত লাইফলাইন হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেললাইন, চার লেনের রেল ট্র্যাকিং এবং শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাই-স্পিড রেল করিডোর নির্মাণের পরিকল্পনাও হাতে নিয়েছে।
Leave a Reply