1. admin@deshibanglatv.com : dbtvlipu :
  2. deshibanglatv@gmail.com : dtvbangla :
  3. deshibanglatv0@gmail.com : newsdesk :
November 6, 2026, 6:49 am

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া থেকে রেকর্ড তেল আমদানি ভারতের

প্রতিবেদকঃ
  • হালনাগাদ সময়ঃ Friday, August 14, 2026
  • 96 দেখা হয়েছে

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন হুঁশিয়ারি ও সম্ভাব্য শুল্ক আরোপের হুমকি উপেক্ষা করেই রাশিয়ার অপরিশোধিত তেলের ওপর দেশটির নির্ভরতা জুলাই মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বাণিজ্যসংশ্লিষ্ট তথ্যানুযায়ী, গত মাসে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির ৫০ দশমিক ৮৩ শতাংশই এসেছে রাশিয়া থেকে, যা দৈনিক প্রায় ২৪ লাখ ৭০ হাজার ব্যারেলের সমান। গত বছরের জুলাইয়ের তুলনায় এ বছর একই সময়ে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি ৬২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। তবে জুনের রেকর্ড দৈনিক ২৬ লাখ ব্যারেলের তুলনায় জুলাই মাসে আমদানি ৪ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে ভারত এখন নতুন এক অনিশ্চয়তার মুখোমুখি। চলতি মাসে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি আইন পাস হয়েছে, যেখানে রাশিয়ার তেল ক্রয়কারী দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রাখা হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও আইনটি এখনো মার্কিন প্রতিনিধি পরিষদের অনুমোদন পায়নি, তবুও এটি নিয়ে উদ্বেগ রয়েছে। এর আগে জানুয়ারিতে ভারতীয় শোধনাগারগুলো যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক এড়াতে আমদানি কিছুটা কমিয়েছিল, যখন নয়াদিল্লি ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় ভারতীয় শোধনাগারগুলো পুনরায় রাশিয়ার ওপর নির্ভরতা বাড়াতে বাধ্য হয়েছে।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে (এপ্রিল থেকে জুলাই) ভারতের অপরিশোধিত তেল আমদানিতে রাশিয়ার অংশ বেড়ে রেকর্ড ৪৩ দশমিক ২৫ শতাংশে দাঁড়িয়েছে। এক বছর আগে একই সময়ে এই হার ছিল প্রায় ৩৭ শতাংশ। এই চার মাসে রাশিয়া থেকে ভারত প্রতিদিন গড়ে ২০ লাখ ব্যারেলের বেশি তেল আমদানি করেছে। রাশিয়ার এই ক্রমবর্ধমান আধিপত্যের ফলে মধ্যপ্রাচ্যের সরবরাহকারীরা বড় ধরনের ধাক্কা খেয়েছে। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ভারতের মোট তেল আমদানিতে মধ্যপ্রাচ্যের অংশ ৪৩ শতাংশ থেকে কমে ৩০ শতাংশে নেমে এসেছে।

মধ্যপ্রাচ্যের বাজারের জায়গা দখল করছে রাশিয়া ও লাতিন আমেরিকা। একই সময়ে লাতিন আমেরিকা থেকে ভারতের তেল আমদানির হার ৩ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। বিশেষ করে ব্রাজিল ও ভেনেজুয়েলা থেকে আমদানি বৃদ্ধির ফলে এই পরিবর্তন এসেছে। ভারত তার চাহিদার ৯০ শতাংশেরও বেশি তেল আমদানির মাধ্যমে পূরণ করে, যার ফলে বৈশ্বিক সরবরাহ সংকটে দেশটি সরাসরি ঝুঁকির মুখে থাকে।

এপ্রিল থেকে জুলাই পর্যন্ত রাশিয়াই ছিল ভারতের প্রধান তেল সরবরাহকারী। এই সময়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরাককে পেছনে ফেলে দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী হিসেবে উঠে এসেছে। গত এপ্রিলে ওপেক থেকে বেরিয়ে যাওয়ার পর ইউএই বিপুল পরিমাণ তেল স্পট টেন্ডারের মাধ্যমে বাজারে ছাড়ছে, যা ভারতীয় শোধনাগারগুলোকে আমদানি বাড়ানোর সুযোগ করে দিয়েছে। গত বছর ভারতের তেল সরবরাহকারীদের তালিকায় ইউএই চতুর্থ স্থানে থাকলেও বর্তমানে তারা শক্তিশালী অবস্থানে রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৬ দেশি বাংলা টিভি — সর্বসত্ব সংরক্ষিত
Developer By Zorex Zira